মুন্নু ফাউন্ডেশনের ইজিবাইক পেলেন ধানকোড়ার আরজু

সাটুরিয়া প্রতিনিধি, ৮ জুলাই

সংসারের একমাত্র আয়ের অবলম্বন তিন চাকার ইজিবাইকটি চুরি হওয়ার পর যেন থমকে যায় আরজু মিয়ার জীবন। পরিবার-পরিজন নিয়ে দিশেহারা হয়ে পড়েন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের সাহেবপাড়া গ্রামের ষাট ঊর্ধ্ব বয়সী এই বৃদ্ধ।

তবে শেষ পর্যন্ত তার জীবনে ফিরে আসে স্বস্তি। বিষয়টি মানিকগঞ্জ-৩ (সদর-সাটুরিয়া) আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার নজরে এলে তার নির্দেশনায় মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে আরজু মিয়াকে নতুন একটি তিন চাকার ইজিবাইক উপহার দেওয়া হয়।

বুধবার (৮ জুলাই) মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিনিধিরা আরজু মিয়ার হাতে নতুন ইজিবাইকটি তুলে দেন। নতুন আয়ের অবলম্বন ফিরে পেয়ে খুশিতে আত্মহারা হন তিনি ও তার পরিবারের সদস্যরা।

জানা যায়, প্রায় এক মাস আগে সাটুরিয়া থেকে আরজু মিয়ার ইজিবাইকটি চুরি হয়ে যায়। সেটিই ছিল তার পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম। ঘটনার পর তিনি থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ বিভিন্নভাবে চেষ্টা চালিয়েও চুরি হওয়া ইজিবাইকটি উদ্ধার করতে পারেনি।

পরে আরজু মিয়ার পরিবারের দুর্দশার বিষয়টি মন্ত্রী আফরোজা খানম রিতার নজরে এলে তিনি মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাধ্যমে একটি নতুন ইজিবাইক দেওয়ার নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী ফাউন্ডেশনের পক্ষ থেকে নতুন ইজিবাইকটি কিনে আরজু মিয়ার হাতে তুলে দেওয়া হয়।

এসময় সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, ধানকোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম জুয়েল, সাটুরিয়া যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম বকুলসহ আরও অনেকেই।

নতুন ইজিবাইক পেয়ে আবেগাপ্লুত আরজু মিয়া বলেন, ইজিবাইক চুরি হওয়ার পর পরিবার নিয়ে খুব কষ্টে দিন কাটিয়েছি। আয়ের কোনো পথ ছিল না। নতুন ইজিবাইকটি পেয়ে আবারও কাজ শুরু করতে পারব। আমার পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার সুযোগ হয়েছে।

এজন্য মন্ত্রী আফরোজা খানম রিতা ও মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান তার পরিবার।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৮ জুলাই ২০২৬।

আরো পড়ুুন