সাটুরিয়া প্রতিনিধি, ১৬ জুলাই:
মানিকগঞ্জের সাটুরিয়ায় যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
এর আগে সকালে শহীদ আফিকুল ইসলাম সাদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধানিবেদনের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করা হয়।
সাটুরিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে জেসমিন আক্তারের সঞ্চালনায় আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন, অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন, সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, সাটুরিয়া যুবদলের আহবায়ক মোহাম্মদ আমীর হামজা, শহীদ আফিকুল ইসলাম সাদের চাচা শহিদুল ইসলাম সাগর এবং দৈনিক সংবাদের মানিকগঞ্জ জেলা প্রতিনিধি প্রকৌশলী মুহাম্মদ লুৎফর রহমান। এ সময় আন্দোলনে অংশ নেওয়া উপস্থিত জুলাই যোদ্ধারাও তাদের অনুভূতি ও বক্তব্য তুলে ধরেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং দেশের সংকটময় মুহূর্তে তাদের আত্মত্যাগের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। বক্তারা বলেন, শহীদদের স্বপ্ন ও আদর্শকে ধারণ করে একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে আন্দোলনে জীবন উৎসর্গকারী সকল শহীদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, শৃঙ্খলা ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৬ জুলাই ২০২৬।