কৃষ্ণপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী- লাভলু -জনগণের সেবক হতে চাই

মানিকগঞ্জ প্রতিনিধি, ১৬ নভেম্বর:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জের কৃষ্ণপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে আলোচনা সভা করেছেন আমেরিকাপ্রবাসী হাজী মোহাম্মদ লাভলু মিয়া।

সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে কৃষ্ণপুরের বাদামতলী এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

নজরুল হক প্রামাণিকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মো. জিন্নাতুল ইসলাম মাইলু, জহিরুল ইসলাম, উমর আলী, জিন্নাতুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় কয়েক শতাধিক স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় চেয়ারম্যান প্রার্থী হাজী মোহাম্মদ লাভলু মিয়া তাঁর বক্তব্যে এলাকার উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “কৃষ্ণপুর ইউনিয়নের মানুষের ভাগ্য পরিবর্তন করতে চাই।

শুধু প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই। চেয়ারম্যান নির্বাচিত হলে জনগণের সেবক হিসেবে কাজ করব। ইউনিয়ন পরিষদকে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পদ হতে দেব না। পরিষদের দরজা সবসময় সাধারণ মানুষের জন্য খোলা থাকবে।”

তিনি আরও বলেন, “এলাকার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকার দেব। অসহায় ও দরিদ্র মানুষের অধিকার নিশ্চিত করব। কোনো ধরনের বৈষম্য, অনিয়ম ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। কৃষ্ণপুর ইউনিয়নকে একটি উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।”

সভায় বক্তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন, এলাকার উন্নয়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় তাঁরা স্থানীয় মানুষের প্রত্যাশা ও এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৬ নভেম্বর ২০২৬।

আরো পড়ুুন