হরিরামপুর প্রতিনিধি,৩০ মার্চ.
মানিকগঞ্জের হরিরামপুরে বাল্যবিবাহ প্রতিরোধ ও আইনি অধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে পরিবেশিত হয়েছে বিশেষ নাটক বদলে যাবার দিন।
সোমবার রাতে উপজেলার নয়াকান্দী গ্রামের মো. আলমগীর হোসেনের বাড়ির আঙিনায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ)-এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পদ্মা গণনাটক দলের শিল্পীরা নাটকটি পরিবেশন করেন। নাটকের মূল বিষয়বস্তু ছিল সমাজে বাল্যবিবাহের কুফল তুলে ধরা এবং সাধারণ মানুষকে তাদের আইনি অধিকার সম্পর্কে সচেতন করা। বিনোদনের মাধ্যমে সামাজিক ব্যাধি দূর করার এই ব্যতিক্রমী উদ্যোগ দেখতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিড় জমান।
উপস্থিত দর্শকরা জানান,এ ধরনের নাটকের মাধ্যমে গ্রামীণ জনপদে ইতিবাচক পরিবর্তন আসা সম্ভব। শুধু বিনোদন নয়, বরং অধিকার আদায়ের পথ দেখাতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ব্র্যাক হেলথ প্রোগ্রাম অর্গানাইজার মো. রাকিব খান,ফিল্ড অর্গানাইজার শাকিব হাসান এবং হেলথ এডুকেটর অনামিকা সাহা। অনুষ্ঠানটির আয়োজনে ছিলেন সেলপ-এর সিও স্বপ্না রাজবংশী এবং সার্বিক সহযোগিতায় ছিলেন,সেলপ অফিসার শারমিন আক্তার পলি।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৩০ মার্চ ২০২৬।