ইউএনও পরিচয়ে সাটুরিয়ায় প্রতারক চক্রের চাঁদা দাবি

সাটুরিয়া প্রতিনিধি, ২০ আগষ্ট.

মানিকগঞ্জের সাটুরিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ভুয়া পরিচয় ব্যবহার করে স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সতর্ক করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

জানা গেছে, গত বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে সাটুরিয়া ভূমি অফিসের কর্মী সুজন আহমেদের মোবাইল ফোনে+৮৮০১৯৫০৬০০২১৬ নম্বর থেকে কল আসে। অপর প্রান্ত থেকে নিজেকে সাটুরিয়ার ইউএনও পরিচয় দিয়ে ওই ব্যক্তি বলেন, ‘আমি তোমার ইউএনও স্যার, এটি আমার ব্যক্তিগত নম্বর। তুমি এখন কোথায় আছো?’

সুজন আহমেদ বাসায় থাকার কথা জানালে তাকে সাটুরিয়া বাজারে গিয়ে কাঠের মিল (সমিল), বড় ভোজ্যতেল ব্যবসায়ী ও বড় ওষুধের দোকানের তালিকা এবং সংশ্লিষ্টদের মোবাইল নম্বর সংগ্রহ করে পাঠাতে বলা হয়।

ইউএনওর নির্দেশ মনে করে সরল বিশ্বাসে সুজন আহমেদ ওই তথ্য ও মোবাইল নম্বর সংগ্রহ করে কথিত ইউএনওকে দেন।

এরপর প্রতারক চক্রটি ওই ব্যবসায়ীদের মোবাইল ফোনে যোগাযোগ করে নিজেদের ইউএনও পরিচয় দিয়ে টাকা দাবি করতে থাকে।

পরে বিষয়টি ব্যবসায়ীরা সুজন আহমেদকে জানালে তিনি প্রতারণার বিষয়টি আঁচ করতে পারেন।

পরে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার পিএস রাহাতের সঙ্গে যোগাযোগ করেন।

বিষয়টি সন্দেহজনক মনে হলে সুজন আহমেদ সরাসরি ইউএনওর বাসভবনে গিয়ে ঘটনাটি জানান।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি ভুয়া পরিচয়ে প্রতারণার ঘটনা বলে নিশ্চিত করেন।
ঘটনার পর সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসিয়াল ফেসবুক পেজে সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি প্রতারক চক্র ইউএনওর ভুয়া পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে টাকা দাবি করছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার একমাত্র অফিসিয়াল মোবাইল নম্বর ০১৭১৩-৩৫৩৩১৭। এই নম্বর ছাড়া অন্য কোনো নম্বর থেকে ইউএনও বা তাঁর কার্যালয়ের পক্ষ থেকে আর্থিক লেনদেন কিংবা কোনো ধরনের আর্থিক নির্দেশ দেওয়া হয় না।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের ফোনকল বা আর্থিক দাবির ক্ষেত্রে কাউকে টাকা না দিয়ে বিষয়টি যাচাই করার জন্য সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে প্রতারক চক্রের বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।

মানিকগঞ্জ২৪/ হ.ফ/ ২০ আগষ্ট ২০২৬।

আরো পড়ুুন