সাটুরিয়ায় বাড়িতে হেরোইন সেবন, যুবকের ৬ মাসের কারাদণ্ড

সাটুরিয়া প্রতিনিধি. ১৫ সেপ্টেম্বর:

মানিকগঞ্জের সাটুরিয়ায় নিজ বসতবাড়িতে হেরোইন সেবনের দায়ে মো. আশিক (২৩) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার কাছ থেকে হেরোইন সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে সাটুরিয়া উপজেলার সাটুরিয়া ইউনিয়নের শেখড়ীনগর (মধ্যপাড়া) গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ জেলা কার্যালয়, মানিকগঞ্জের উপপরিদর্শক মোরশেদ আলমের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন এ অভিযান চালায়। অভিযানের সময় ঘটনাস্থলে আশিকের মা রেবেকা বেগম (৫০) ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

পরে হেরোইন সেবনের অপরাধ প্রমাণিত হওয়ায় আশিককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৬ অনুযায়ী ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানকালে আশিকের কাছ থেকে হেরোইন সেবনের উপকরণ হিসেবে একটি ম্যাচলাইট, ১০ টাকার মোড়ানো একটি নোট, এক পিস রাংতা ও একটি বোতলের ক্যাপ রাষ্ট্রের অনুকূলে জব্দ করা হয়।

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, সাটুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ জেলা কার্যালয়, মানিকগঞ্জের কর্মকর্তারা এবং সাটুরিয়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৫ সেপ্টেম্বর ২০২৬।

আরো পড়ুুন