সাটুরিয়া প্রতিনিধি, ৭ অক্টোবর
মানিকগঞ্জের সাটুরিয়ায় এলপিজি গ্যাস সিলিন্ডার অবৈধভাবে মজুত ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একই অভিযানে একটি গুদাম থেকে অবৈধভাবে মজুত করা ১২৭টি এলপিজি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়। পরে সিলিন্ডারগুলো সরকারি নির্ধারিত মূল্যে সাধারণ ভোক্তাদের কাছে বিক্রি করা হয়।
বুধবার (৭ অক্টোবর) সাটুরিয়া উপজেলার সাটুরিয়া বাজার ও দরগ্রাম বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
মো. আসাদুজ্জামান রুমেল বলেন, এলপিজি গ্যাসের কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুত এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি বন্ধে বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের গ্যাস সিলিন্ডারের মজুত, বিক্রয়মূল্য ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়।
অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
এর মধ্যে দরগ্রাম বাজারের মোকাদ্দেছ এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা এবং সাটুরিয়া বাজারের আবদুল্লাহ এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই বাজারের মাছরাঙ্গা এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি অবৈধভাবে মজুত রাখা ১২৭টি এলপিজি সিলিন্ডার উদ্ধার করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান রুমেল আরো বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গুদামে অবৈধভাবে মজুত রাখা ১২৭টি এলপিজি সিলিন্ডার উদ্ধার করা হয়েছে। পরে সেগুলো সরকারি নির্ধারিত বাজারমূল্যে সাধারণ ভোক্তাদের কাছে বিক্রি করা হয়।
তিনি আরও বলেন, গ্যাসের কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
অভিযানে মানিকগঞ্জ জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রওশন আরা রিনি, সাটুরিয়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নিলুফা ইয়াসমিন ঝরনা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৭ অক্টোবর ২০২৬।