মোশাররফ হোসেন মানিকগঞ্জের শ্রেষ্ঠ ওসি

সাটুরিয়া প্রতিনিধি, ১৩ আগষ্ট.

মানিকগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন সাটুরিয়া থানার পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মোশাররফ হোসেন।

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, মামলার রহস্য উদঘাটন এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

জুলাই ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম-এর হাত থেকে ‘শ্রেষ্ঠ ওসি’ হিসেবে সম্মাননা স্মারক গ্রহণ করেন মোঃ মোশাররফ হোসেন।

সভায় মানিকগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তার ভূমিকার প্রশংসা করেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম। একই সঙ্গে দায়িত্ব পালনে আন্তরিকতা ও সাফল্যের জন্য তাকে ধন্যবাদ জানান তিনি।

সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় মোঃ মোশাররফ হোসেন এ অর্জনকে নিজের একার কৃতিত্ব হিসেবে দেখছেন না। তিনি বলেন, থানার সব সহকর্মী এবং সাটুরিয়া উপজেলার আপামর মানুষের আন্তরিক সহযোগিতার ফলেই এ স্বীকৃতি অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতে জনসেবার মান আরও উন্নত করতে এ সম্মাননা তাকে অনুপ্রেরণা জোগাবে বলেও জানান তিনি।

সংশ্লিষ্টরা জানান, সাটুরিয়া থানায় যোগদানের পর থেকেই মোঃ মোশাররফ হোসেন জনবান্ধব পুলিশিংকে গুরুত্ব দিয়ে কাজ করে আসছেন। পাশাপাশি এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি নিরলসভাবে দায়িত্ব পালন করছেন।

এদিকে একই অনুষ্ঠানে সাটুরিয়া থানার এএসআই (নিঃ) মোঃ রুবেল আহম্মেদও মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন। ফলে একই থানার ওসি ও এএসআইয়ের জেলার শ্রেষ্ঠত্ব অর্জন সাটুরিয়া থানার পুলিশ সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৩ আগষ্ট ২০২৬।

আরো পড়ুুন