সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি, ৫ আগষ্ট.
মানিকগঞ্জের সাটুরিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে শ্রদ্ধা নিবেদন, সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (৫ আগস্ট) বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
বুধবার সকালে সাড়ে ৯টায় জুলাই শহীদ সাদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম সভাপতিত্ব করেন।
আয়োজিত সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসী, পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. ওয়ালিউর রহমান এবং সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন বক্তব্য দেন।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি, এর ঐতিহাসিক তাৎপর্য এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নে এর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা গণঅভ্যুত্থানে অবদান রাখা ব্যক্তিদের স্মরণ করেন এবং তাঁদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানে গণঅভ্যুত্থানে বিশেষ অবদান রাখা কয়েকজনকে সংবর্ধনা দেওয়া হয়। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৫ আগষ্ট ২০২৬।