সাটুরিয়া প্রতিনিধি, ১০ জানুয়ারি:
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়নে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দিয়েছে মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের উদ্যোগে এবং মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনায় শনিবার (১০ জানুয়ারি ২০২৬) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশের মাঠে দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এই মেডিকেল ক্যাম্পে এলাকার কয়েক হাজারের অধিক নারী, পুরুষ ও শিশু বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হয়। এছাড়াও ইসিজি, ডায়াবেটিসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার সুবিধা প্রদান করা হয়।
মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. জুলফিকার আহমেদ আমিন বলেন, ‘আজ আমরা অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করছি। পাশাপাশি ইসিজি, ডায়াবেটিসসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা রয়েছে। মেডিসিন, সার্জারি, গাইনি অ্যান্ড অবস্, অর্থোপেডিক্স, কার্ডিওলজি, নাক-কান-গলা, ডেন্টাল, চর্ম ও যৌন, চক্ষু এবং শিশু ও নবজাতক বিভাগসহ মোট ১০টি বিভাগের প্রায় ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসক এবং শতাধিক বিভিন্ন স্তরের জনবল এই সেবায় সরাসরি সম্পৃক্ত। অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করাই আমাদের অঙ্গীকার।’
মুন্নু মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আব্দুল করিম বলেন,‘বিনামূল্যে চিকিৎসা সেবার এই কার্যক্রম চলমান থাকবে। ধারাবাহিকভাবে মানিকগঞ্জসহ জেলার বিভিন্ন এলাকায় আমরা এই সেবা পৌঁছে দিতে চাই।’
কর্তৃপক্ষ আরও জানান, মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা কোনো রোগীর যদি অপারেশনের প্রয়োজন হয়, সে ক্ষেত্রে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন চার্জে ৩০ শতাংশ, প্যাথলজি পরীক্ষায় ৩৫ শতাংশ এবং সাধারণ বেড চার্জে ৩০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় দেওয়া হবে।
এ ধরনের মানবিক উদ্যোগে স্থানীয় এলাকাবাসীর মধ্যে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা যায়। স্বাস্থ্যসেবার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মানিকগঞ্জ২৪/ হা/ফ/ ১০ জানুয়ারি ২০২৬।