সাটুরিয়া প্রতিনিধি, ৭ জানুয়ারি:
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিনের ভাটারা বাজারের পূর্ব পাশে বকুল তলার নিচের জমিতে ভোর থেকেই শুরু করে মানুষের ভিড়। কারও হাতে পুরনো প্রেসক্রিপশন, কারও কোলে অসুস্থ শিশু, আবার কেউ দীর্ঘদিনের ব্যথা নিয়ে নিরবে দাঁড়িয়ে। চিকিৎসা নিতে শহরে যাওয়ার সামর্থ্য যাদের নেই এই বকুল তলাটাই যেন বুধবার (৭ জানুয়ারি ২০২৬) তাদের জন্য হয়ে ওঠে একটি ভরসার নাম।
প্রান্তিক মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসা পৌঁছে দিতে মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এবং মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনায় আয়োজন করা হয় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প।
বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা এই সেবায় অংশ নেন কয়েক হাজারের বেশি নারী, পুরুষ ও শিশু।
মো. ইব্রাহিম, ৮৫ বছরের বেশী বয়স পাশের গ্রাম গজর্না গ্রাম থেকে এসেছেন। দীর্ঘদিন ধরে হাঁটুর ব্যথায় ভুগছেন। শহরের হাসপাতালে যাওয়ার কথা ভাবলেও খরচের ভয়ে আর যাওয়া হয়নি। চোখে স্বস্তির ঝিলিক নিয়ে তিনি বলেন, “এখানে এসে ডাক্তার দেখালাম, ওষুধও ফ্রি পেলাম। আল্লাহ যেন এদের ভালো রাখে।”
শুধু পরামর্শ নয় এই মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ওষুধ বিতরণ, ইসিজি, ডায়াবেটিসসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থাও ছিল। মেডিসিন, সার্জারি, গাইনি ও অবস্, অর্থোপেডিক্স, কার্ডিওলজি, নাক-কান-গলা, ডেন্টাল, চর্ম ও যৌন, চক্ষু এবং শিশু ও নবজাতকসহ মোট ১০টি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এক ছাতার নিচে এই সেবা দেন।
মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. জুলফিকার আহমেদ আমিন বলেন, “অসহায় মানুষদের মুখে স্বস্তির হাসিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। বিনামূল্যে চিকিৎসা ও ওষুধের পাশাপাশি প্রয়োজনীয় পরীক্ষা করে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।”
মুন্নু মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আব্দুল করিম জানান, এই কার্যক্রম কোনো একদিনের আয়োজন নয়। “ধারাবাহিকভাবে মানিকগঞ্জ জেলার প্রত্যন্ত অঞ্চলে বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।”
ক্যাম্পে আগত রোগীদের মধ্যে যাদের অপারেশন প্রয়োজন, তাদের জন্য মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন চার্জে ৩০ শতাংশ, প্যাথলজি পরীক্ষায় ৩৫ শতাংশ এবং সাধারণ বেড চার্জে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার ঘোষণাও দেয় কর্তৃপক্ষ।
দিনের শেষে বকুল তলার পরিবেশ যেন বদলে যায়। চিকিৎসা নিতে এসে হতাশ চোখে তাকানো মানুষগুলো ফেরেন ভরসা নিয়ে। কারও হাতে ওষুধের প্যাকেট, কারও মনে নতুন আশার আলো। সাটুরিয়ার বালিয়াটির এই বকুল তলায় সেদিন চিকিৎসা শুধু সেবা ছিল না, ছিল মানবিকতার এক উজ্জ্বল গল্প।
এই মানবিক উদ্যোগের পেছনে রয়েছে মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আফরোজা খানম রিতার সুস্পষ্ট দিকনির্দেশনা। তাঁর নির্দেশনায় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়মিতভাবে দুস্থ ও অসচ্ছল রোগীদের জন্য বিভিন্ন পর্যায়ে চিকিৎসা ব্যয়ে ছাড় প্রদান করা হচ্ছে। এতে করে শুধু একদিনের মেডিকেল ক্যাম্প নয়, বছরজুড়েই আর্থিক সংকটে থাকা রোগীরা প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার সুযোগ পাচ্ছেন—যা প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় দীর্ঘমেয়াদি ভরসা হয়ে উঠেছে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৭ জানুয়ারি ২০২৫।