ভেনেজুয়েলার প্রেসিডেন্টের অপহরণের প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ সমাবেশ

মানিকগঞ্জ প্রতিনিধি, ৬ জানুয়ারি.

মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে অপহরণের অভিযোগের প্রতিবাদে মানিকগঞ্জে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি ) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের খালপাড় সংলগ্ন শহীদ রফিক সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গণতান্ত্রিক যুক্তফ্রন্ট মানিকগঞ্জ জেলা কমিটির উদ্যোগে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজার পৌরসভার ব্রিজ সংলগ্ন মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি মানিকগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।

এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ-৩ সংসদীয় আসনে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট মনোনীত মটরগাড়ি (কার) প্রতীকের প্রার্থী ও সাটুরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান মো. শাহজাহান আলী (সাজু মল্লিক)।
সভাটি পরিচালনা করেন জেলা সিপিবি’র সহ-সাধারণ সম্পাদক আরশেদ আলী। সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদের জেলা সাধারণ সম্পাদক ইমন চৌধুরী, জেলা সিপিবি’র নেতা আব্দুল মান্নান, সেতুয়ার রহমানসহ গণতান্ত্রিক যুক্তফ্রন্ট মানিকগঞ্জ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে অভিযোগ করেন, গত ৩ জানুয়ারি ২০২৬ মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে অপহরণ করেছে। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে তাদের মুক্তির দাবি করেন। বক্তারা বলেন, সাম্রারাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে ভেনেজুয়েলার জনগণের পাশে বিশ্ববাসীর মতো বাংলাদেশের মুক্তিকামী মানুষও রয়েছে।

সমাবেশ ও বিক্ষোভ চলাকালে যুক্তফ্রন্ট নেতাকর্মীরা বিভিন্ন  শ্লোগান দেন এবং ভেনেজুয়েলার প্রতি সংহতি প্রকাশ করেন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৬ জানুয়ারি ২০২৬।

আরো পড়ুুন