মানিকগঞ্জ প্রতিনিধি, ২৪ ডিসেম্বর.
গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণতন্ত্রের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি, নির্বাচন বানচালের চক্রান্ত, রাজনৈতিক হত্যা ও খুন, সংবাদপত্র ও সাংস্কৃতিক সংগঠনের ওপর হামলা এবং উগ্র গোষ্ঠীর অপতৎপরতা বন্ধ ও দোষীদের শাস্তির দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টায় মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে জেলা গণতান্ত্রিক যুক্তফ্রন্টের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সিপিবি মানিকগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।
মানববন্ধনটি সঞ্চালনা করেন বাংলাদেশ জাসদ মানিকগঞ্জ জেলা সভাপতি মো. শাহজাহান আলী (সাজু মল্লিক)।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ মানিকগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক ইমন চৌধুরী, সিপিবি জেলা কমিটির সদস্য সেতুয়ার হোসেন খান, খুশি মোহন দাস, সেলিম মোল্লা, নাসির উদ্দিন, আব্দুর রাজ্জাকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক হত্যা, খুন এবং প্রথম আলো, ডেইলি স্টারসহ বিভিন্ন সংবাদমাধ্যম ও উদীচী, ছায়ানটের মতো সাংস্কৃতিক সংগঠনের ওপর হামলা গণতন্ত্রের জন্য গুরুতর হুমকি। এসব হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৪ ডিসেম্বর ২০২৫।