সাটুরিয়া প্রতিনিধি, ৯ আগস্ট:
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলীনূর বকস (রতন) নাশকতার মামলায় গ্রেফতার হয়েছেন। শনিবার (৯ আগস্ট) দুপুর ১২টার দিকে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে তাকে গ্রেফতার করে সাটুরিয়া থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুল ইসলাম।
আলীনূর বকস (রতন) দরগ্রাম এলাকার এলাহী বকসের পুত্র। তিনি সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের একজন কার্যকরী সদস্য। গেল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে নির্বাচিত হন এবং এর আগেও একবার চেয়ারম্যান ছিলেন।
ওসি শাহিনুল ইসলাম জানান, আলীনূর বকস দরগ্রাম উচ্চ বিদ্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় দায়ের করা মামলার ২ নম্বর আসামি। তাকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে এবং দুপুর ২টার দিকে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছিল।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৯ আগষ্ট ২০২৫।