হাসান ফয়জী, ১৬ জুন.
সাটুরিয়ায় পবিত্র ঈদুল আযহার টানা ১০ দিনের সরকারি ছুটিতেও থেমে থাকেনি পরিবার পরিকল্পনা ও জরুরি স্বাস্থ্যসেবা কার্যক্রম।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. আশরাফী আহমেদের নির্দেশনা অনুযায়ী, সাটুরিয়া পরিবার পরিকল্পনা বিভাগসহ সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে জরুরি সেবা চালু ছিল।
এই সময়ে সাটুরিয়ার উপজেলার স্বাস্থ্য বিভাগের পাশা- পাশি ৬ বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গর্ভকালীন ২৯ টি, প্রসব ৩ টি, প্রসব পরবর্তী সেবা ১০ টি, সাধারন স্বাস্থ্যসেবা ১১৯ টি, কিশোর কিশোরী সেবা ২৮ এবং পরিকল্পনা সেবা ৩৩ জনসহ মোট ২২২ জন সেবা ছাড়াও পরিবার পরিকল্পনা পরামর্শ, গর্ভকালীন সেবা, ০-৫ বছর বয়সী শিশুদের স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের জন্য বয়ঃসন্ধিকালীন সেবা ও সাধারণ রোগীদের জন্য জরুরি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে সাটুরিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুহানা সুলতানা বলেন, “ঈদের ছুটিতেও আমরা দায়িত্ব ভুলিনি। সেবার চাকা থেমে থাকেনি এক মুহূর্তও। অধিদপ্তরের নির্দেশনা, মাঠকর্মীদের আন্তরিকতা আর জনগণের আস্থা—এই সমন্বয়েই সম্ভব হয়েছে টানা সেবা। আমাদের টিম ছিল সক্রিয়, প্রস্তুত, মানুষের পাশে। এটাই আমাদের সবচেয়ে বড় আনন্দ ও সার্থকতা।”
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৬ জুন ২০২৫।