সাটুরিয়া প্রতিনিধি, ৫ ফেব্রুয়ারি:
মানিকগঞ্জ-৩ (সাটুরিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতার পক্ষে গণসংযোগ কার্যক্রম জোরদার করেছেন এম এম এনিম্যাল হেলথ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিরুল ইসলাম। তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে দিনভর তৃণমূল পর্যায়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন।
জানা গেছে, মোঃ আমিরুল ইসলাম বর্তমানে জিয়া পরিষদের সাটুরিয়া শাখার সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি সাটুরিয়া উপজেলার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। স্থানীয় মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনে নিয়মিত অনুদান দেওয়ার পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর কারণে এলাকায় তার ব্যাপক পরিচিতি ও গ্রহণযোগ্যতা রয়েছে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, মানবিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের জন্য মোঃ আমিরুল ইসলাম সাধারণ মানুষের কাছে একজন আস্থাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত। বিশেষ করে গরীব-দুঃখী মানুষের মাঝে তার জনপ্রিয়তা চোখে পড়ার মতো।
গণসংযোগ প্রসঙ্গে এম এম এনিম্যাল হেলথ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আমিরুল ইসলাম বলেন, “বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা আমাকে ধানের শীষের পক্ষে মাঠে কাজ করার নির্দেশ দিয়েছেন। নির্দেশ পাওয়ার পর থেকেই আমি আমার এলাকার মানুষদের সঙ্গে নিয়ে প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত তৃণমূল পর্যায়ে ভোটারদের কাছে ছুটে বেড়াচ্ছি।”
তিনি আরও বলেন, “সাটুরিয়া উপজেলার এমন কোনো গ্রাম নেই যেখানে আমি যাইনি। যেখানে যাচ্ছি, সেখানেই ধানের শীষ প্রতীকের প্রতি মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন লক্ষ্য করছি। এই আসনে আফরোজা খানম রিতার জনপ্রিয়তা অত্যন্ত ব্যাপক, যার কোনো তুলনা হয় না।”
স্থানীয় সূত্র জানায়, আফরোজা খানম রিতা বিশেষ করে নারী ভোটারদের কাছে ব্যাপক জনপ্রিয়। তার রাজনৈতিক অভিজ্ঞতা, সামাজিক গ্রহণযোগ্যতা ও নেতৃত্বের কারণে সাধারণ মানুষ আশাবাদী।
গণসংযোগ কার্যক্রমকে ঘিরে সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও এ সময় উপস্থিত থেকে প্রচারণায় অংশ নেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৫ ফেব্রুয়ারি ২০২৬।