মানিকগঞ্জ, ২৭ আগস্ট.
মানিকগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও মানিকগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামী প্রার্থী মুহাম্মদ জাহিদুর রহমান, যিনি বক্তব্যে শিক্ষার্থীদের দেশপ্রেম ও চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
শিবিরের সাবেক সভাপতি মুহাম্মদ জাহিদুর রহমান বলেন, “মনোযোগ দিয়ে পড়াশোনা করে দেশপ্রেমিক ও যোগ্য নাগরিক হয়ে আজকের ছাত্রছাত্রীরা আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়বে। মেধার বিকাশ ও উন্নত চরিত্র গঠনই আমাদের জাতির ভবিষ্যত নিশ্চিত করবে।”
বিকেলে জেলার শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে জেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক হাফেজ ডাঃ রেজুয়ানুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী ঢাকা অঞ্চলের টিম সদস্য ও জেলা শাখার সাবেক আমির অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসাইন, জেলা আমির হাফেজ কামরুল ইসলাম, পৌর আমির হুমায়ুন কবীর ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক অ্যাডভোকেট জামাল উদ্দিন।
বিশেষ অতিথি মাওলানা দেলোয়ার হোসাইন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “বৈষম্যহীন, সম্মৃদ্ধ ও শক্তিশালী বাংলাদেশ গড়তে তোমাদের মতো মেধাবীদের গুরুত্ব অপরিসীম। তোমাদের একতা ও নৈতিকতা দেশের ভবিষ্যত গড়বে।”
অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মেধাবী ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে অবদানের প্রশংসা করেন এবং জানান, “শিবির শুধু রাজনীতিতেই নয়, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে নীতিমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এটি দেশের মেধাবী তরুণ প্রজন্মের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা জানান, “অন্যান্য অনেক ছাত্র সংগঠন থাকলেও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ আয়োজন খুব কমই হয়। এই ধরনের সংবর্ধনা আমাদেরকে গর্বিত করেছে এবং অনুপ্রাণিত করেছে।”
শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার জন্য আহ্বান জানান।
মানিকগঞ্জ২৪/ হা. ফ/ ২৭ আগষ্ট ২০২৫।