সাটুরিয়া প্রতিনিধি, ২ অক্টোবর.
দিনভর জমিতে কাজ শেষে নিজ গ্রামের একটি বাড়ির পেছনে ট্রাক্টর রেখে বাড়ি ফিরেছিলেন কৃষক মো. আলী হোসেন। কিন্তু রাতের আঁধারে দুর্বৃত্তরা তাঁর ট্রাক্টরের চাকা কেটে দিয়ে ব্যাপক ক্ষতিসাধন করেছে। এতে অসহায় হয়ে পড়েছেন ওই কৃষক।
বৃহস্পতিবার গভীর রাতের কোন এক সময় সাটুরিয়া উপজেলার পশ্চিম কাওন্নারা গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক মো. আলী হোসেন মৃত আব্দুস ছামাদ আলীর ছেলে। তিনি পশ্চিম কাওন্নারা গ্রামের বাসিন্দা। তাঁর দাবি, পূর্বশত্রুতার জেরে কেউ পরিকল্পিতভাবে তাঁর ট্রাক্টরের চাকা কেটে দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দিনের কাজ শেষে গ্রামের কদ্দুছ আলী ও রৌশন আলীর বাড়ির পেছনে ট্রাক্টরটি রেখে দেওয়া হয়েছিল। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা সেখানে গিয়ে ট্রাক্টরের চাকা সম্পূর্ণ কেটে দেয় এবং বিভিন্ন স্থানে দারালো কিছু দিয়ে ক্ষত বিক্ষত করে। শুক্রবার সকালে বিষয়টি নজরে আসার পর ঘটনাটি জানাজানি হয়।
কৃষক আলী হোসেন বলেন, “ট্রাক্টরটি দিয়ে মাঠে কাজ করে সংসার চালাই। শত্রুতা থাকলেও এভাবে আমার শেষ সম্বলটি নষ্ট করে দেবে, তা ভাবিনি। এখন ট্রাক্টরটি মেরামত করতে প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকা লাগতে পারে। আমি খুব অসহায় হয়ে পড়েছি।”
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতা কামনা করেছেন। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।
এ বিষয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. মোশাররফ হোসেন বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ করব।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২ অক্টোবর ২০২৬।