সাটুরিয়া প্রতিনিধি, ৩ জুন.
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা, গুরুতর আহত ও শ্লীলতাহানির অভিযোগে দায়ের করা মামলায় সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক আব্দুর রব (৬৩) এবং তার ছেলে সাকিবকে গ্রেফতার করেছে পুলিশ।
পিতা ও পুত্রকে মঙ্গলবার ভোর রাতে বালিয়াটি ইউনিয়নের ভাটারা গ্রামের নিজ বাড়ি থেকে সাটুরিয়ার থানা পুলিশ গ্রেফতার করেছে।
বিষয়টি সাটুরিয়া থানার ওসি তদন্ত আসাদুজ্জামান নিশ্চিত করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা মিঠুন সরকার দাস বলেন, উপজেলার বালিয়াটি ইউনিয়নের ভাটারা গ্রামে বসতবাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ ঘটনায় ভুক্তভোগী ফারহানা আক্তার কেয়া বাদী হয়ে আব্দুর রব, তার স্ত্রী শেফালি বেগম, ছেলে সাকিব, শাকিল ও মেয়ে স্বর্ণা আক্তারসহ পাঁচজনের বিরুদ্ধে সাটুরিয়া থানায় মামলা দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২১ মে জমির সীমানার ভেতরে গাছ রোপণকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ সময় বাদী ও তার স্বামী নুরুল আমিনকে মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরদিন ২২ মে ভোরে অভিযুক্তরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে বাদীর বাড়িতে প্রবেশ করে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
হামলায় নুরুল আমিন গুরুতর আহত হন এবং তার পায়ের হাড় ভেঙে যায়। এতে নুরুল পুঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছে। ফারহানা আক্তার কেয়াকেও মারধর করা হয় এবং তার শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছে।
এ ঘটনায় সাটুরিয়া থানায় মামলা নং-০২, তারিখ ২ জুন ২০২৬।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন বলেন, মামলার আসামি আব্দুর রব ও তার ছেলে সাকিবকে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে। অভিযুক্ত যে কেউ হোক আইন সবার জন্য সমান।
পুলিশের ঐ কর্মকর্তা আরো বলেন, আসামীদের জিঙ্গাসাবাদ করে আইনি পক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে। আর এসআই মিঠুন কুমার দাস তদন্ত করে অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা করবে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৩ জুন ২০২৬।