হরিরামপুর প্রতিনিধি:
মানিকগঞ্জের হরিরামপুরে কিশোরীদের আত্মবিশ্বাস,নেতৃত্ব ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচালিত ‘জীবন দক্ষতা’ সেশনের প্রথম পর্বের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) বিকেলে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় উপজেলার সোনাকান্দর গ্রামের আজিজ বিশ্বাস মেম্বারের বাড়ীতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে মূল আকর্ষণ ছিল ‘স্বপ্নসারথি’ দলের কিশোরী সদস্য ও তাদের অভিভাবকেরা।
সেশন সফলভাবে শেষ করায় উপস্থিত অতিথিরা অংশগ্রহণকারী কিশোরীদের হাতে সনদপত্র তুলে দেন।
হরিরামপুর শাখার ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির (সেলপ) সিও স্বপ্না রাজবংশ আয়োজনে ও অফিসার (সেলপ) শারমীন আক্তার পলির পরিচালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সোনাকান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফাতেমা খানম এবং স্থানীয় ইউপি সদস্য আব্দুর আজিজ বিশ্বাসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা কিশোরীদের মানসিক ও সামাজিক বিকাশে ব্র্যাকের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
প্রশিক্ষণ নিয়ে নিজেদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে কিশোরীরা জানায়,এই জীবন দক্ষতা বিষয়ক সেশনটি তাদের ব্যক্তিগত বিকাশ,অধিকার সচেতনতা এবং ভবিষ্যতের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় দারুণভাবে আত্মবিশ্বাসী করে তুলেছে।
আয়োজক সংস্থা ব্র্যাকের পক্ষ থেকে জানানো হয়,কিশোরীদের সক্ষমতা বৃদ্ধি, অধিকার রক্ষা এবং একটি নিরাপদ সামাজিক পরিবেশ গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির অধীনে এই ধরণের সচেতনতামূলক ও দক্ষতামূলক কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিত বজায় থাকবে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২০ জুন ২০২৬।