সাটুরিয়ায় গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত

সাটুরিয়া প্রতিনিধি, ১২ জুন.

মানিকগঞ্জের সাটুরিয়ায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের উদ্যোগে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা পর্যায়ে দিনব্যাপী সমন্বিত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে সাটুরিয়া উপজেলা মিনি সভা কক্ষে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নাজমুল হাসান খান।

কর্মশালায় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা , সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সিরাজ উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল হাসান, সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম।

সভায় আরো উপস্থিত ছিলেন বেসরকারি এনজিও সংস্থার ব্রাক, প্রশিকা, আশা সহ ১০ টি সংস্থার ব্যবস্থাপকগণ, প্রকল্পের উপজেলা সমন্বয়কারীসহ আরো অনেকেই।

কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রম সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে প্রচারণা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। জানানো হয়, ফেব্রুয়ারি ২০২৪ থেকে মে ২০২৬ পর্যন্ত সাটুরিয়া উপজেলায় ৫৬২টি মামলা গ্রাম আদালতে দায়ের হয়েছে, যার নিষ্পত্তির হার ৮৭.৩৭ শতাংশ। এছাড়া ক্ষতিপূরণ বাবদ ১০ লাখ টাকার বেশি আদায় হয়েছে।

বক্তারা বলেন, স্বল্প সময়ে ও কম খরচে ন্যায়বিচার নিশ্চিত করতে এবং উচ্চ আদালতের মামলার চাপ কমাতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১২ জুন ২০২৬।

আরো পড়ুুন