সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি | ২৫ জুলাই
আসন্ন বরাইদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী ও বরাইদ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলামের উদ্যোগে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) রাতে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোপালপুর এলাকায় আয়োজিত এ সভায় ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিএনপির নেতাকর্মী এবং সাধারণ জনগণ অংশ নেন।
সভায় চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শফিকুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “আমি জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়েই নির্বাচনে অংশ নিতে চাই। নির্বাচিত হলে বরাইদ ইউনিয়নকে একটি আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব।”
তিনি আরও বলেন, “ইউনিয়নের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবামূলক কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে সকলকে সঙ্গে নিয়ে একটি বৈষম্যহীন ও উন্নত বরাইদ ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য।”
সভায় সভাপতিত্ব করেন বরাইদ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ। তিনি বলেন, “জনগণের প্রত্যাশা পূরণে যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। আমরা চাই জনগণের মতামতের ভিত্তিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক।”
অনুষ্ঠানে বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক আলতাফ হোসেন এবং বরাইদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মোহাম্মদ হাবিবুর রহমান (হাবু)। তারা ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বরাইদ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম (জানু)সহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বরাইদ ইউনিয়ন বিএনপির ৮ নম্বর ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আমিনুল হোসেন মেহের।
সভার শেষে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শফিকুল ইসলাম আগামী নির্বাচনে সকলের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৫ জুলাই ২০২৬।