নিজস্ব প্রতিবেদক, ২১ ফেব্রুয়ারি
যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে সাটুরিয়ায় শহীদ দিবস ও মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে প্রথম প্রহরে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল বাশার সরকার।
পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা সংসদ, অফিসার্স ক্লাব, সাটুরিয়া থানা, আনসার ভিডিপি, উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন, সাটুরিয়া প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি দপ্তর ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন দপ্তরের প্রধান এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে দোয়া মাহফিলের মধ্য দিয়ে প্রথম প্রহরের কর্মসূচির সমাপ্তি ঘটে।
দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানা গেছে।
মানিকগঞ্জ২৪/ হা. ফ/ ২১ ফেব্রুয়ারি ২০২৬।