সাটুরিয়া প্রতিনিধি, ৮ আগস্ট:
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ হওয়া সাটুরিয়ার দরগ্রামের সন্তান আফিকুল ইসলাম সাদের প্রথম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
শুক্রবার সকাল থেকে দরগ্রাম কবরস্থানে শহীদ সাদের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
দুপুরে শহীদের কবর জিয়ারত করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মুল্লা। এ সময় আরও উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমদ, শহীদ সাদের বাবা ড. শফিকুল ইসলাম, সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক হাসান ফয়জীসহ গণ্যমান্য ব্যক্তিরা।
পরে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে নিয়ে শহীদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকা লং মার্চে ধামরাই এলাকায় পুলিশের গুলিতে আহত হন আফিকুল ইসলাম সাদ। পরে ৮ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।