ঘুষের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১০ সদস্য গ্রামবাসীর হাতে অবরুদ্ধ

সাটুরিয়া প্রতিনিধি, ১৬ অক্টোবর:

মানিকগঞ্জে টাকার বিনিময়ে মাদক ব্যবসায়ী কে ধরে ছেড়ে দেওয়ার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে অংশ নেওয়া এক উপপরিদর্শক সহ ১০ সদস্যকে আটকে রাখেন গ্রামবাসী। পরে ঘটনাস্থলে সংশিষ্ট থানা পুলিশ গিয়ে উদ্ধার করে আসার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের তারাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার ভোরে মানিকগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলামের নেতৃত্বে ধানকোড়ার তারাবাড়ী গ্রামের কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের সময় আসামিদের কাছ থেকে টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে। খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসী একত্র হয়ে অভিযানে অংশ নেওয়া সদস্যদের আটক করে সাটুরিয়া থানায় খবর দেয়। পরে সাটুরিয়া থানা পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে যায়।

অভিযান পরিচালনাকারী উপপরিদর্শক রফিকুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ধানকোড়ার নোয়াপাড়ার মাদকব্যবসায়ী আরিফুল ইসলাম (২০) কে ৩৫ পিস ইয়াবাসহ আটক করি। তার দেওয়া তথ্য অনুযায়ী আরও দুইজনের বাড়ি তল্লাশি করি। সেখানে কিছু না পেয়ে চলে আসি। কিন্তু গ্রামবাসী ভুল বুঝে আমাদের আটকে রাখে।

সাটুরিয়া থানার আফিসার শাহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে আমার ফোর্স পাঠিয়ে মাদকদ্রব্য অধিদপ্তরের সদস্যদের উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। এসময় মাদকব্যবসায়ী ধানকোড়ার নোয়াপাড়ার আরিফুল ইসলাম (২০) কে ৩৫ পিস ইয়াবাসাহ আটক করে। পরে তার বিরুদ্ধে একটি মাদক মামলা দেখিয়ে আদালতে পাঠানোর পক্রিয়া চলছে। আর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক তাদের ফোর্সদের নিয়ে গেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আহসানুল কবির বুলবুল বৃৃহস্পতিবার বিকাল ৪টার দিকে বলেন, আমরা বিষয়টি তদন্ত করার জন্য ঘটনা স্থলে এসেছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৬ অক্টোবর ২০২৫।

আরো পড়ুুন